উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনে আবৃত্তিকার পলক!

২ জানুয়ারি, ২০২২ ১০:৪২  
১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত পূরণ করে ২০১৮ সালে। তিনটি সূচকেই বাংলাদেশ শর্ত পূরণ করে অনেক এগিয়ে গেছে। উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার, ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৮২৭ ডলার। গত ২৪ নভেম্বর ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ অনুমোদন দেয় জাতিসংঘ সাধারণ পরিষদ। রোববা এই অর্জনকে উদযাপন করছে সরকার। সকালে ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় আনুষ্ঠানিকতা। অনলাইনে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও ধর্মীয় প্রার্থনার পর নতুন ভূমিকায় মঞ্চে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজনীতির পাশপাশি খেলাধূলা ও সংস্কৃতিতে বরাবরই এক ধাপ এগিয়ে আছেন দেশের প্রথম সর্বকনিষ্ঠ এই সংসদ সদস্য। এর আগে গায়ক হিসেবে তরুণদের কাছে অভিনন্দিত হয়েছেন। রাজনীতির এই কবি-কে এবার দেখা গেলো আবৃত্তিকার হিসেবে। মহাদেব সাহার কবিতা আবৃত্তি করেন তিনি। মুগদ্ধতার সঙ্গে আবৃত্তি শোনার পাশাপাশি মুচকি হেসেছেন অনুষ্ঠানে সংযুক্ত সাহিত্যপ্রেমী প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশকে এগিয়ে নেয়ার কথা তুলে ধরেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। এরপর উত্তরণের বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা।